Thursday, April 13, 2017

পহেলা বৈশাখের পান্তা-ইলিশ ও মঙ্গল শোভাযাত্রার ঐতিহাসিক ভিত





কেন বোশেখ এলেই পাঞ্জাবি আর ইলিশ পান্তা ভাত
আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজি নববর্ষের রাত

মঙ্গল শোভাযাত্রার জন্মদাতা হচ্ছে যশোরের ‘চারুপাঠ’ সংগঠন। তারা ২১ ফেব্রুয়ারির আদলে ১৯৮৬ সালে যশোরে এটা চালু করে। শোভাযাত্রার জন্য তারা সারা শহরে আল্পনা আঁকে। তারা অশরীরী আত্মা, বিভিন্ন ধরনের পাখি এবং বাঘের মুখোশ পরা শুরু করে। এই বৈশাখী শোভাযাত্রাই ঢাকার চারুকলায় এসে রূপলাভ করে মঙ্গল শোভাযাত্রায়। শুরুতে তাদের বক্তব্য ছিল এটা শুধু মুসলমান হিন্দু খ্রিষ্টান বা বৌদ্ধদের জন্য নয়, সমাজের সর্বস্তরের জনগণের জন্য। চারুপাঠের সার্বজনীন এ উদ্দেশ্য হাইজ্যাক হয়ে যায় তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনীতিকদের সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের হাতে। এর উদযাপন হয়ে থাকে রাজনৈতিক স্লোগানের মাধ্যমে, পেঁচা, বাদুড়, বাঘ, বানর, হনুমান, গণেশ ও রাক্ষস-খোক্কশসহ বিভিন্ন জন্তুর মুখোশ পরে।
বাংলাদেশ অঞ্চলের অতীত ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, অষ্টম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত পাল রাজারা এ অঞ্চলে রাজত্ব করেছিলেন। তারা প্রত্যেকেই ছিলেন জন্মগতভাবে এ অঞ্চলেরই সন্তান। ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল শাসনামলে তাদের কোনো অনুষ্ঠানের সূচনায় শঙ্খ বা কাঁসার ঘণ্টা বাজানো কিংবা মঙ্গল প্রদীপ জ্বালানোর প্রমাণ মেলে না। এ দেশে পালরা প্রায় ৪০০ বছর রাজত্ব করেছে। সরহপার রচনার মধ্যে এবং চর্যাগীতিকায়ই ৪০০ বছরের সমাজজীবনের ইতিহাস বিবৃত হয়েছে। এগুলোর কোনোটিতেই মঙ্গল প্রদীপ, শঙ্খবাদন এবং কাঁসার ঘণ্টার সমর্থন পাওয়া যায় না। সুতরাং এ অঞ্চলের মানুষের জীবনধারার সাথে এগুলো কোনোভাবেই সম্পর্কিত নয়।
পাল রাজত্বের অবসানের পর দ্বাদশ শতকে বহিরাগত সেনরা এ দেশ তাদের অধিকারে এনেছিল। কর্ণাটকের অধিবাসী সেনরা ছিল কট্টর ব্রাহ্মণ। এ দেশে এসে এ তস্কররা বৌদ্ধদের নির্বিচারে হত্যা করে এবং বৌদ্ধমন্দিরে ধ্বংসযজ্ঞ চালায়। তারা সংস্কৃতকে রাজভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং নতুন করে জাতিভেদ প্রথা চালু করে। এরা সংস্কৃতিকে হিন্দুমন্দিরের অভ্যন্তরে নিয়ে যায় এবং দেবদেবীর পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপের প্রবর্তন করে। মন্দিরের মধ্যে হোম ও আরতি হতে থাকে এবং কাঁসার ঘণ্টা প্রবর্তিত হয়। নিঃসন্দেহে বলা চলে, কাঁসার ঘণ্টা ও মঙ্গল প্রদীপ হচ্ছে একটি সাম্প্রদায়িক এবং পূজার সাথে অঙ্গাঙ্গী যুক্ত একটি বিজাতীয় অনুষ্ঠান।
সারা মধ্যযুগ ধরে এ দেশে একচ্ছত্র রাজত্ব করেছে ইসলাম। তুর্কি শাসন প্রতিষ্ঠার সাথে সাথেই ব্রাহ্মণ্য শাসনব্যবস্থা লোপ পেল। ৬০০ বছরের অধিক কাল ধরে এ দেশের প্রশাসনের ভাষা ছিল ফারসি। মুসলমানগণ ইরান, তুরান প্রভৃতি যে স্থান হইতেই আসুন না কেন, এ দেশে আসিয়া সম্পূর্ণ বাঙালী হইয়া পড়িলেন।’’ (দীনেশচন্দ্র সেন : বঙ্গভাষা ও সাহিত্য)। অস্বীকার করার জো নেই, ওই ত্রয়োদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর সর্বশেষ দশক পর্যন্ত ৮০০ বছর ধরে বাঙালি মুসলমানদের সংস্কৃতি তৈরি হয়ে উঠেছে।
আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম মহাযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্ত্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ কর্মকান্ডের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে ১৯৬৭ সনের আগে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি তেমন একটা জনপ্রিয় হয়নি।
ইদানিং পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গল প্রদীপের প্রবর্তন করা হয়েছে।পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়কপূজা অর্থাৎ শিবের উপাসনা। এদিন পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা। পরের দিন পহেলা বৈশাখ অনেক পরিবার স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে। কলকাতা শহরের উপকণ্ঠে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। এই মেলা সমগ্র বৈশাখ মাসজুড়ে অনুষ্ঠিত হয়।
 মরহুম জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের ভাষায়, ‘‘আমাদের দেশের কিছুসংখ্যক মেরুদণ্ডহীন, পরজীবী এবং ধর্মচেতনাশূন্য এবং ইতিহাস বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ কিছু মূর্খ লোক এ দেশের কোনো কোনো সংস্কৃতি অনুষ্ঠানে মঙ্গল প্রদীপের আয়োজন করে থাকে এবং কাঁসার ঘণ্টা বাজিয়ে থাকে। আমি সুস্পষ্টভাবে ইতিহাসের ধারা অনুসরণ করে জানাতে চাই যে, মঙ্গল প্রদীপ এবং কাঁসার ঘণ্টা সম্পূর্ণরূপে পৌত্তলিক এবং সাম্প্রদায়িক। তাছাড়া এগুলো কোনোক্রমেই এ অঞ্চলের মানুষের জীবনধারার সাথে সম্পর্কযুক্ত নয়। যারা জান্তব মুখোশ পরে কোনো আনন্দ উৎসব করতে চান, তা তারা করুন। তাদেরকে আমি বাধা দিতে চাচ্ছি না। তবে ইতিহাস অনুসরণ করে যে সত্যটুকু পাওয়া যায় তা হচ্ছে, এ সমস্ত অনুষ্ঠান নিম্ন শ্রেণীর হিন্দুদের গাজনের এবং হরি উৎসবের সঙ্গে যুক্ত। গাজনের মেলায় ডোম, মেথর এবং চণ্ডাল শ্রেণীর লোকেরা নানাবিধ বহুরূপী সঙ সেজে তাদের উৎসব করতো। আমাদের মধ্যে কেউ যদি ডোম, মেথর এবং চাড়ালের সংস্কৃতিকে গ্রহণ করতে চান তা তারা নির্বিঘ্নে করতে পারেন, আমরা কৃপামিশ্রিত ঘৃণার সঙ্গে তা অবলোকন করবো।’’
(সূত্র : সাপ্তাহিক বিক্রম, বর্ষ ৬, সংখ্যা-১৯, ১৯-২৫ এপ্রিল ’৯৩)
পহেলা বৈশাখ নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত রঙিন লিখাগুলো পড়লে মনে হয় পহেলা বৈশাখে এক সময় এদেশের কৃষককুল কতই না আনন্দ করতেন। তারা তাদের দিন শুরু করতেন পান্তা-ইলিশ খেয়ে। তারপর সারাদিন কাটাতেন অনেক আনন্দ-ফূর্তিতে। আসলে ব্যাপারটি কি তাই? না, এই সময়টা কখনোই এদেশের কৃষকদের জন্য সুখের সময় ছিল না। চৈত্র ছিলো কৃষকের দায় পরিশোধের মাস। বৈশাখ জমিদার-মহাজন, দোকানদার, পাওনাদার সাহা-শুঁড়ি-মুৎসুদ্দি-আড়তদারদের আদায় উসুলের মাস।চৈত্র মাসের শেষ সপ্তাহে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেয়া হতো সালতামামিতে খাজনা শোধ করলে বকেয়ার জন্য প্রজাদের সুদ দিতে হবে না।চৈত্র মাসের শেষদিন অনুষ্ঠিত হতো চড়ক উৎসব। চড়ক উৎসব মানে পিঠে বড়শি গেঁথে চড়কে মানুষ ঘুরানোর উৎসব। অবশেষে আসত পুণ্যাহ’র দিন।এদিন খাজনা আদায় শেষে প্রজারা ‘মহামান্য জমিদার মহাশয়’কে একঝলক দর্শনের সুযোগ পেত এবং তারপর ‘দয়াশীল’(!) জমিদারের পক্ষ থেকে সর্বহারা প্রজাদের মিষ্টিমুখ করানো হতো। এই হলো অতীতে এই সময়ে আমাদের কৃষককুলের প্রকৃত অবস্থা। বৈশাখের খরায় কোন ফসল হতো না। ফলে কৃষকের হাতে পয়সাও থাকতো না। সুতরাং এসময়ে তাদের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব হতো না।ভাতের অভাববোধ থেকে আবিষ্কৃত হয়েছে পান্তা। তাও আজকের ইলিশ-পান্তা নয়।
চৈত্রের ঝড়ে পড়ে থাকা আম কুড়িয়ে সেই আম ভাতের সঙ্গে ভর্তা বানিয়ে খাওয়া হতো। এই আমানিই ছিল কৃষকের পান্তা, যা খেয়ে সে মাঠে যেত হালচাষ করতে। দুপুরবেলায় পান্তা খেত কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে কখনো পাতে একটু শুঁটকি, বেগুনভর্তা কিংবা আলুভর্তা জুটতো। তাই বলা যায় এদেশের হতদরিদ্র কৃষকদের জীবনে বৈশাখের সাথে ইলিশের কোন সর্ম্পক কখনোই ছিল না।
প্রাচীন কোনো গ্রন্থেও পান্তা-ইলিশ খাওয়ার কোন নিদর্শন পাওয়া যায় না।স্বচ্ছল বাঙালির রীতি ছিল গরম ভাত ঘি সহযোগে খাওয়া। বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যের সাথে পান্তা-ইলিশ খাওয়ার কোন সম্পর্ক নেই অর্থাৎ বৈশাখের সাথে ইলিশের কোন সম্পর্ক নেই।
পান্তা ভাতকে নিয়ে বিত্তবান বৈশাখী সাহেবদের একি নির্মম রসিকতা! এই রসিকতা বা বিলাসিতা করেন তারাই যারা একই সঙ্গে সর্বহারা রাজনীতিতেও গলা ফাটান। এই হুজুগে সামিল হন তারাও যারা একই সাথে রাবীন্দ্রিক কালচার ও সাম্যবাদের মূখর প্রবক্তা।
·         অধ্যাপক যতীন সরকার মনে করেন, পান্তা-ইলিশকে বৈশাখের উপলক্ষ্য করা বানোয়াট ও ভন্ডামির অংশ। এসব উদ্যোগ যারা নিয়েছে, তারা সাংস্কৃতিক চোর। স্বাধীনতার পর থেকে চোরেরা এই সংস্কৃতি চালু করেছে।
·         এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার এক লেখায় বলেন, গরিব মানুষের খাবার পান্তাভাত। রাতে খাওয়ার পর অবশিষ্ট ভাত রাখার কোনো উপায় ছিল না; তখন কোনো রেফ্রিজারেটরও এদেশে আসেনি। তাই অবশিষ্ট ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখা হতো এবং সকালে আলুভর্তা, পোড়া শুকনো মরিচ ইত্যাদি দিয়ে খাওয়া হতো। তিনি বলেন, আমিও ছোটবেলায় খেয়েছি। কিন্তু এখন পান্তা-ইলিশ ধনী লোকের বিলাসিতায় পরিণত হয়েছে এবং এটা দুর্মূল্যও বটে, যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এর মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সম্মান দেখানোর পরিবর্তে ব্যঙ্গ করা হচ্ছে।
·         এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ইলিশ খাওয়ার সিজন হচ্ছে আষাঢ়-শ্রাবণ মাস। বৈশাখ তো ইলিশ খাওয়ার সময় না। ৯০ এর দিকে এইটা শুরু হয়েছে। আগে যখন পহেলা বৈশাখ উদযাপিত হতো, তখন গ্রামের অবস্থাপন্ন এবং ধনী পরিবারে খাবারের আয়োজনের মধ্যে থাকত চিড়া, মুড়ি, সাধারণ খই, বিভিন্ন ধানের খই, দই, লুচি, খেজুরের গুঁড়, খিচুড়ি, বড় কই মাছ, বড় রুই মাছ ইত্যাদি। কিন্তু ইলিশ আর পান্তার কোনো ব্যাপার ছিল না।
দেশে বিবেকবান মানুষ আশা করেন, পান্তা নিয়ে এবার নব্য ধনীরা যেন গরিবদেরকে রসিকতা না করেন এবং ইলিশ মাছ উঠতি বড়লোকরা যেন উন্মাদনায় মেতে না ওঠেন। বৈশাখী সংস্কৃতিকে কলকাতার সংস্কৃতিতে রূপান্তরের অপচেষ্টা যেন বন্ধ হয়।

দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ গোলামির পর আমরা পেয়েছিলাম পাকিস্তান নামক একটি স্বাধীনরাষ্ট্র। ২৩ বছরের মাথায় লাখো মা-বোনের ইজ্জত আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে আনলাম স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি মুসলমানরাই এখন দেশের শাসন ক্ষমতায়। এখানে রাষ্ট্রধর্ম ইসলাম। জনগোষ্ঠীর ৯২ ভাগ ইসলাম ধর্মাবলম্বী। বিশ্বের প্রতিটি দেশেই সংখ্যাগরিষ্ঠ ধর্মমতাবলম্বীদের জীবনাচার, ধর্মীয় মূল্যবোধ, পোশাক-আসাক, খাদ্যাভ্যাস, আচার-আচরণ, সামাজিকতা, ব্যক্তিগত-সামাজিক-অনুষ্ঠানাদি, বচন-বাচন তথা ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ড সার্বিকভাবে রাষ্ট্রের ওপর প্রভাব ফেলে। রাষ্ট্র ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আশা-আকাঙ্খাকে ধারণ করে জাতীয় ঐক্য ও সংহতির সোপান রচনা করে। বাঙালি মুসলমানরাই এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে। অন্য ধর্মাবলম্বীরা হবে দেশ বিনির্মাণে সহযোদ্ধা।ইসলাম যেহেতু শান্তির ধর্ম এখানে ভিন্ন ধর্মাবলম্বীরা নিরাপদ। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্য সৃষ্টিতে উসকানি দাতারা আস্তিক অথবা নাস্তিক যেই হোক না কেন এরা স্রেফ ক্রিমিনাল!


No comments:

Post a Comment